ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে মুক্তি পাচ্ছে নতুন অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’। সীমান্তের দুই প্রান্তে থাকা দুই তরুণ-তরুণীর আবেগঘন প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই ফিল্মটি।
এই ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন বাংলাদেশের ফাইজুল ইয়ামিন এবং কলকাতার অভিনেত্রী সৃজা দত্ত। বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে এটি সৃজা দত্তের প্রথম কাজ। এর আগে তিনি টলিউডের ‘বাঘা যতীন’ ছবিতে দেবের বিপরীতে বড় পর্দায় অভিষেক করেন। এরপর ‘টেক্কা’ ও ওটিটি সিরিজ ‘নিশির ডাক’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।
অন্যদিকে, ফাইজুল ইয়ামিন বাংলাদেশের নাটক ও ওটিটি জগতে ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেছেন। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এ ‘শাকিল’ চরিত্রে তার অভিনয় দর্শকের নজর কাড়ে। এছাড়া ‘ক্লোজআপ কাছে আসার গল্প’-এর নাটক ‘পেজ টার্নার’ এবং ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’-এর মতো কাজেও তিনি নিজেকে প্রমাণ করেছেন।
দীর্ঘ ১১ বছরের বিরতির পর ‘তাজমহল’ দিয়ে আবারও পরিচালনায় ফিরছেন নির্মাতা ওয়াহিদ আনাম। বাস্তবধর্মী গল্প ও মানবিক সংকট তুলে ধরার জন্য পরিচিত এই নির্মাতা এবার রোমান্টিক ঘরানার গল্পে কাজ করেছেন। তাঁর আগের কাজগুলোর মধ্যে রয়েছে ‘পাড়ি’, ‘ছিন্ন’ এবং টেলিফিল্ম ‘চক্র’, যেগুলো দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
নির্মাতার ভাষ্যে, এটি একটি সংবেদনশীল প্রেমের গল্প, যেখানে সম্পর্ক, দূরত্ব আর পরিস্থিতির টানাপোড়েনই মূল চালিকা শক্তি।


