ইসির নিবন্ধন ফিরে পেল জাগপা

ইসির নিবন্ধন ফিরে পেল জাগপা
Advertisement
Advertisement

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন পায় জাগপা। এক যুগ পর ২০২১ সালের ২৮ জানুয়ারি তাদের নিবন্ধন বাতিল করা হয়। চলতি বছরের ১৯ মার্চ নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট বিভাগ রায় দেয়। সেই রায়ের পরিপ্রেক্ষিতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপার নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল কিন্তু রাজনীতি বন্ধ করতে পারেনি। আমরা ধৈর্য্যের সঙ্গে দেশের পক্ষে রাজনীতি করেছি। সত্যের বিজয় হয়েছে, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এবং লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ধন্যবাদ জানাই বন্ধুপ্রতিম সব রাজনৈতিক দলকে যারা ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছে। কৃতজ্ঞতা জানাই যারা আমাদের জন্য দোয়া করেছে।’

জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি কাগজে কলমে যেই কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপার ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনবিরোধী দৃঢ় অবস্থান। তাই ভারতীয় “র” এর পরিকল্পনায় এবং ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়। শুধু বিদেশ নয়, জাগপা নাম ব্যবহার করে দেশেও একাধিক ব্যক্তি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের অবসান হয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad