ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ‘এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এই প্রাণহানির ক্ষতি অপূরণীয়।’
প্রেস সচিব জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তিনি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এর আগে, এদিন দুপুরে কদমতলী চৌরাস্তার আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পরে কারখানার ভেতরে অনুসন্ধান চালিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এতে আরও কয়েকজন হতাহত হয়েছেন বলে জানা গেছে। কারখানার ভেতরে অনুসন্ধান কাজ এখনো চলছে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিকাল পৌনে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ঘটনা তদন্তে পরিচালক (অপারেশনস ও মেইন) মহোদয়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


