রাজধানী ঢাকার শ্যামপুরে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে আট শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে শ্যামপুরের ঢাকা মেসার্স আরআরএম স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. হিরা (৩৫), মানিক মিয়া (৪৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), এরশাদ মিয়া (৪৫), লিটন (৩২) ও ইউসুফ (৪০)।
দগ্ধ শ্রমিকরা জানান, সকালে তারা কারখানার বয়লারে লোহা গলানোর কাজ করছিলেন। এ সময় ভালো লোহার সঙ্গে নিম্নমানের বা ত্রুটিপূর্ণ লোহা বয়লারে দেওয়ায় বিস্ফোরণ ঘটে। এতে গলিত লোহা ছিটকে তাদের শরীরে পড়ে এবং তারা দগ্ধ হন।
পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মানিক মিয়ার শরীরের প্রায় ৪০ শতাংশ এবং হিরার ১৭ শতাংশ পুড়ে গেছে। অন্যদের শরীরের ৪ থেকে ১১ শতাংশ দগ্ধ হয়েছে। মানিক মিয়াকে ভর্তি রাখা হয়েছে, হিরাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।


