শেরপুর-৩ আসনে জামায়াত-বিএনপি সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করেন তারা। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়াসহ দুই শতাধিক নেতাকর্মী।
এ সময় তারা ‘আমার ভাই শহীদ কেন? ইনটেরিম জবাব চাই’, ‘চাঁদাবাজদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ‘আমরা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি এ দেশ থেকে বৈষম্য দূর করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য। তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন।’
‘একটি গোষ্ঠী ভেবে নিয়েছে ‘আমরা ক্ষমতায় এসে গিয়েছি’ এই ভেবে তারা বিভিন্ন প্রকার অপকর্মের সঙ্গে লিপ্ত হতে শুরু করেছে। তারা লাগামহীন ভাবে চাঁদাবাজি, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে। আসন্ন নির্বাচন কেন্দ্র করে তারা শেরপুরে আমার ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
তিনি আরও বলেন, ‘যত দিন যাচ্ছে তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে। তাই তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। কিন্তু আমরা ভয় পাই না। আমরা শুধু চাঁদাবাজি নয়, দেশে যত প্রকার অন্যায় অনিয়ম হবে সবকিছু প্রতিরোধে ইসলামী ছাত্রশিবির সবসময় কাজ করে যাবে।’


