অপহরণের তিন দিন পর অবশেষে মুক্তিপণ দিয়ে ঘরে ফিরেছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার অপহৃত ছয় কৃষক। শুক্রবার দুপুরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোকন চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে অপহরণ করা ছয় কৃষক মুক্তিপণের বিনিময়ে ছাড়া পান। জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছে। অপহরণকারীদের প্রায় ছয় লাখ টাকা মুক্তিপণ দেওয়া হয়েছে বলেও জানা যায়।
মুক্তিপণ দিয়ে ফিরে আসা কৃষকেরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার সোলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), এজাহার হোছনের ছেলে মো. আলম (১৮), শামশুল আলমের ছেলে জাহেদ হোছন ওরফে মুন্না (৩০), রবিউল আলমের ছেলে মো. শফিউল আলম (১৩) এবং একই ইউনিয়নের কম্বনিয়া পাড়ার আশ্রয়কেন্দ্র এলাকার মোজাহার মিয়া (৫০) ও তার ছেলে মোস্তাক (১২)।
প্রাথমিকভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে জানিয়ে খোকন চন্দ্র রুদ্র বলেন, তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার আক্তার জানান, অপহৃত ছয় কৃষক মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন এবং বর্তমানে তারা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।
একই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি নির্জন এলাকায় অপহৃতদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। পরে পাহাড়ি তলাজুড়ি পানির ছড়ার পাশে তাদের ছেড়ে দেওয়া হয়। পাহাড়ি পথ সম্পর্কে ধারণা থাকায় তারা নিজেরাই হেঁটে বাড়িতে ফিরে আসেন।
এর আগে, মঙ্গলবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে কৃষিকাজ ও জ্বালানি কাঠ সংগ্রহের সময় অস্ত্রের মুখে ছয় কৃষককে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই তাদের উদ্ধারে পাহাড়ি এলাকায় যৌথ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
টেকনাফের পাহাড়ি এলাকায় সম্প্রতি অপহরণ ও মুক্তিপণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।


