বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘মাস্টার ট্রেইনার’ প্রশিক্ষণ শুরু

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ‘মাস্টার ট্রেইনার’ প্রশিক্ষণ শুরু
ছবি: ইউজিসির সৌজন্যে
Advertisement
Advertisement

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদান পদ্ধতির দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ‘মাস্টার ট্রেইনার’ তৈরির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (হিট) প্রকল্প এবং ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

গাজীপুরের ব্র‌্যাক সিডিএম-এ এই ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি শুরু হয়। ১০ দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন অধ্যাপক এই প্রশিক্ষণে অংশ নেন।

এভাবে ধাপে ধাপে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ১২০ জন অধ্যাপককে মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তারা ইউজিসির হিট প্রকল্পের মাধ্যমে অঞ্চলভিত্তিক পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাঁচ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবেন।

আন্তর্জাতিক পরামর্শক অধ্যাপক ড. মার্ক ও’হারা এবং ব্রিটিশ কাউন্সিলের চারজন স্থানীয় পরামর্শক রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করছেন।

আরও পড়ুন

জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য তৈরি তিনটি মডিউলের সঙ্গে প্রশিক্ষনার্থীদের পরিচিত করানো হবে। কর্মসূচি সম্পন্ন করার পর অংশগ্রহণকারীরা মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে সিনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এরকম একটি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

হিট প্রকল্পের সিনিয়র কমিউনিকেশন কনসালট্যান্ট মো. জিল্লুর রহমান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘একজন শিক্ষককে পেডাগজি এবং যোগাযোগ বুঝতে হয়, বিষয়ভিত্তিক শিক্ষাদান পদ্ধতিও জানতে হয়। এজন্য নবীন শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন। একজন শিক্ষার্থী কীভাবে শিক্ষকে রূপান্তরিত হবেন সেই প্রক্রিয়াগুলো জানা-বোঝার জন্য এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’

তবে নতুন শিক্ষকদের পাশাপাশি পুরনো শিক্ষকরাও এই প্রশিক্ষণের আওতায় আসছেন বলে জানান তিনি। মো. জিল্লুর রহমান বলেন, ‘নতুন শিক্ষকদের জন্য একরকম প্রশিক্ষণ এবং সিনিয়র শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ধরন আলাদা।’

ইউনিভার্সিটি টিচার্স’ ট্রেনিং অ্যাকাডেমির ডিন লায়লা নূর ইসলাম আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বক্তার মধ্যে উপস্থিত ছিলেন হিট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আসাদুজ্জামান, প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরামর্শক মো. আব্দুস সালাম এবং ব্রিটিশ কাউন্সিলের শিক্ষা বিভাগের প্রধান তৌফিক হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর