বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চালু হয়েছে আধুনিক মানের ২২টি নতুন কেবিন এবং হাসপাতাল প্রাঙ্গণে নির্মিত দুইটি দৃষ্টিনন্দন পানির ফোয়ারা।
মঙ্গলবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর এসবের উদ্বোধন করেন।
মশিউল মুনীর বলেন, ‘সরকারি হাসপাতালে এখন শুধু নিম্নবিত্ত নয় বরং মধ্য ও উচ্চবিত্ত রোগীরাও চিকিৎসা নেন। তাই সবার জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করতে এই আধুনিক কেবিন উদ্বোধন করা হয়েছে।’
শেবাচিম হাসপাতাল বেসরকারি হাসপাতালের থেকেও উন্নত মানের দাবি করে তিনি বলেন, ‘মাত্র এক হাজার টাকায় এ কেবিনগুলো ভাড়া পাওয়া যাবে।’
এ সময় হাসপাতালের পরিচালক জানান, এটি দেশের একমাত্র সরকারি হাসপাতাল যার সামনে এত বড় খোলা মাঠ রয়েছে। এই সৌন্দর্য আরও বাড়াতে পানির ফোয়ারা নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে ফুলের বাগান, লেক ও ওয়ার্কওয়ে তৈরি করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এছাড়া হাসপাতালে পান, চুন ও ডাব নিয়ে প্রবেশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘হাসপাতালের পরিবেশ নোংরা করার জন্য পান, চুন আর ডাবের খোসা সবচেয়ে ক্ষতিকারক।’
নতুন কেবিনগুলোতে নতুন টাইলস, প্লাস্টার ও উন্নত দরজা–জানালা, এসি, নতুন বেড, সোফা, অক্সিজেন লাইন, ক্যাবিনেট, ওয়াটার হিটার, রুম স্প্রে, দেয়ালঘড়ি, উন্নতমানের টয়লেট, বেসিন, হাই কমোড, টিস্যু ও হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এর সঙ্গে কেবিন ভাড়া ১,০০০ টাকার পাশাপাশি ১৭৫ টাকা পথ্য বিল দিতে হবে রোগীদের।
উদ্বোধনী অনুষ্ঠানে মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু জানান, রোগীদের কষ্ট কমানোর জন্য পুরোনো মেডিসিন ভবন এখন বহির্বিভাগে রূপান্তর করা হয়েছে। নতুনভাবে ৩০০ শয্যা যুক্ত করে আন্তঃবিভাগ তৈরির কাজও চলছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের উপপরিচালক ডা. নজমুল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনায়েম সাদসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও সাংবাদিকরা।


