আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, ২১ নভেম্বর এ চিঠি পাঠানো হয়েছে।
গত বছর জুলাই-আগস্টের আন্দোলন দমনে প্রাণঘাতি অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি দু’জনের দেশে থাকা সকল সম্পত্তি বাজেয়াপ্তেরও আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে দিল্লিতে রয়েছেন। আর আসাদুজ্জামান খান কামাল দেশ থেকে পালিয়ে গিয়ে কলকাতায় অবস্থান করছেন।
এর আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারতের কাছে নোট ভারবাল দিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত কোনো রকম সাড়া দেয়নি।
গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। সেদিনই পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের মধ্যে আসামি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে চিঠি দেওয়া হবে।


