আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টির জন্য রবিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ সিরিজের দল থেকে এসেছে দুটি বদল। আগামী ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া এই সিরিজের দলে একমাত্র চমক উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
ওয়ানডে-টেস্টে অভিষেক হলেও শর্টার ফরম্যাটে এখনো খেলা বাকি মাহিদুলের। সর্বশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিন ম্যাচ খেলে ৩৬ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। সর্বোচ্চ ২৭। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮৩ ম্যাচের ৭০ ইনিংসে ১১৮৮ রান এসেছে ১২৯.৫৫ স্ট্রাইকরেটে।
তবে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম পাটোয়ারী। যদিও আবু ধাবি টি-টেন লিগ খেলতে বিসিবি থেকে অনাপত্তিপত্র নিয়েছেন তাসকিন। তাদের দুজনের বদলে অঙ্কনের সাথে স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। উইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে স্কোয়াডের সাথে চট্টগ্রামে গিয়েও দল থেকে শেষ মুহূর্তে ছিটকে যান তিনি।
এই সিরিজ দিয়েই সহ-অধিনায়কত্ব শুরু করছেন সাইফ হাসান। কদিন আগেই ভিন্ন ফরম্যাটের জন্য সহ-অধিনায়ক ঘোষণা করেছিল বিসিবি। তানজিদ তামিম, পারভেজ ইমনের ওপেনিং জুটিতেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।


