অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর পাঁচ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
রোববার দুপুরে আন্তর্জাতিক পিলার নং ৪২ সংলগ্ন এলাকা দিয়ে তারা নাইক্ষ্যংছড়ির মনজয় পাড়ায় ঢুকে পড়লে তাদের আটক করা হয়।
কক্সবাজারে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক হওয়া ব্যক্তিরা হচ্ছেন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য মিন মিন এবং সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের(বিজিপি) সদস্য ক্য জয় লিন, অং সান থ, শৈ থুরা ও কক সিন।
প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কর্নেল মহিউদ্দিন।
এর আগেও ২০২৩ সালে সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরাকান আর্মির সাথে যুদ্ধে টিকতে না পেরে সেদেশের সেনাবাহিনী, বিজিপি, গোয়েন্দা বাহিনী, কাস্টমস এন্ড ইমিগ্রেশনসহ সরকারি সংস্থাগুলোর বিপুল সংখ্যক সদস্য বাংলাদেশে ঢুকে প্রাণ বাঁচায়। পরে দু’দেশের মধ্যে বৈঠকের পর তাদের ফেরত পাঠানো হয়।


