শুধু রাজনীতিকে নয়, দেশের অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘প্রতিটি নাগরিককে দেশের উন্নয়ন ও অর্থনীতির অংশীদার হতে হবে। কেবল রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা করলে চলবে না, অর্থনীতিতেও গণতন্ত্র নিশ্চিত করতে হবে।’
বুধবার জাতীয় ঢাকার প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘মানুষের আকাঙ্ক্ষা একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী গণতান্ত্রিক বাংলাদেশ। এই লক্ষ্য অর্জনের জন্য গত দেড় দশকে জনগণকে জেল-জুলুম, মামলা ও গুমের মতো নানা নির্যাতনের শিকার হতে হয়েছে। এখন সময় এসেছে পরিবর্তনের। বাংলাদেশের উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ‘দেশ গড়ার পরিকল্পনা’ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিশাল রূপরেখা বাস্তবায়ন কোনো একক ব্যক্তি বা শুধু সরকার একা করতে পারবে না।’
তিনি বলেন, ‘এটা বাস্তবায়নে পার্টনারশিপ ও এলায়েন্স প্রয়োজন। এখানে সবাইকে যুক্ত হতে হবে। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। সবাই সৈনিক হয়ে গেলে ইনশাল্লাহ আমরা জিয়াউর রহমানের স্বপ্ন, খালেদা জিয়ার স্বপ্ন এবং তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারব।’
আমীর খসরু আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের মশাল বহন করেছেন খালেদা জিয়া। এখন সেই দায়িত্ব বহন করছেন তারেক রহমান।’
তিনি বলেন, ‘আগামী দিনে গণতন্ত্রের টর্চবিয়ার হিসেবে দেশের নেতৃত্বে আসবেন তারেক রহমান।’
খালেদা জিয়ার নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতা। তিনি কোনো ধরনের আপস করেননি। অথচ যারা একসময় ওয়ান ইলেভেনের পক্ষে ছিল, তারাই আজ আমাদের সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছে।’
খালেদা জিয়ার জানাজায় বিপুল মানুষের অংশ নেওয়ার প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, কোটি কোটি মানুষ তাকে ভালোবেসে তার জানাজায় অংশ নিয়েছেন। এটি একদিনে তৈরি হয়নি। মানুষের হৃদয়ের টানে লাখ লাখ মানুষ সেখানে উপস্থিত হয়েছিল।
তিনি বলেন, ‘সারা বিশ্বে এত বড় জানাজা হয়েছে–এমন নজির আমি আগে দেখিনি। বাংলাদেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ও ভালোবাসা ছিল অত্যন্ত গভীর।’
স্মরণসভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের চেয়ারম্যান আবদুল লতিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল কালাম আজাদ।
এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং জিয়া পরিষদের মহাসচিব এমতাজ হোসেন।


