খন্দকার নাঈম আহমেদ টিটনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন কারামুক্তির পর সাউথ আমেরিকার আছেন বলে দাবি করেছেন টিটনের ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন। রিপন টিটন হত্যা মামলার বাদী।
শনিবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিপন দাবি করেন, টিটন যশোরের গ্রামের বাড়িতে গিয়ে দেড় মাস আগে তাকে জানিয়েছিলেন পিচ্চি হেলাল তাকে হত্যার পরিকল্পনা করছে। তবে কি কারণে এ বিরোধ তা তিনি স্পষ্ট করতে পারেননি। রিপন তার নিজের মোবাইল ফরেনসিকে দেওয়ার পাশাপাশি পিচ্চি হেলালের মোবাইলও তদন্তের জন্য ফরেনসিকে দেওয়ার দাবি জানিয়েছেন।
বসিলার কুরবানীর পশুর হাট নিয়ে বিরোধে টিটন খুন হতে পারে রিপন এমন দাবি করলেও অনেক প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি।
গত মঙ্গলবার রাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে খুন হন টিটন। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে মামলা করলেও এখন পর্যন্ত কেউ আটক হয়নি। তদন্ত সংশ্লিষ্টরা বলেছেন, ৩৭টি সিসিটিভির ফুটেজ থেকে দুইজন শুটারকে শনাক্ত করার চেষ্টা করছে ডিবি এবং র্যাব। সেই সঙ্গে ব্যাকআপ টিমে থাকা সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে রিপনের নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যাকাণ্ডে তিন শীর্ষ সন্ত্রাসীসহ একাধিক দুর্ধর্ষ সন্ত্রাসীর নাম সামনে এসেছে। চলছে পাল্টাপাল্টি দোষারোপ। এর মধ্যে অন্যতম সন্দেহভাজন টিটনের বন্ধু ও বোনজামাই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন। অন্যজন শীর্ষ সন্ত্রাসী ইনামুল হাসান ওরফে পিচ্চি হেলাল। এছাড়া আছে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের ছোটভাই তোফায়েল আহমেদ জোসেফের নামও।


