যেকোনো বিষয়ে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তার মতে, জাতীয় ঐক্যের মধ্য দিয়েই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
বৃহস্পতিবার চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।
আলোচনায় আওয়ামী লীগ সরকারের নানা নির্যাতনের চিত্র তুলে ধরেন তিনি। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই শীর্ষ নেতা।
বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের সঙ্গে চীন আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায়। দুই দেশের সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। গ্লোবাল নিরাপত্তা নিশ্চিতে চীনের কর্মকাণ্ড ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দলের প্রস্তুতি নিয়ে তাদের অবহিত করা হয়েছে। তাদের জানানো হয়েছে, জামায়াত নির্বাচনমুখী দল, তাই নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে।’
ঝো পিংজিয়ান জামায়াত নেতাদের জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করছে চীন।


