শীতকালীন শাকসবজি ফলাতে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুর জেলার পাঁচ উপজেলার কৃষকরা। কৃষি বিভাগ নিরাপদ সবজি উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।
চলতি মৌসুমে মাদারীপুর জেলায় চার হাজার ২১০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন উপজেলায় বছরজুড়ে কম-বেশি বিভিন্ন রকম সবজি চাষবাদ করা হয়।
সবজি চাষে লাভবান এবং প্রতিদিন নগদ টাকা পাওয়া যায় বলে চাষাবাদে ঝুঁকে পড়েছেন কৃষকরা। এরই মধ্যে মাদারীপুর জেলায় বিভিন্ন জমিতে শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, আলু, শাক, গাজর, শসা, সিম, মুলা, লাউ, মরিচসহ বিভিন্ন রকম সবজি রোপণ করা হচ্ছে।
মাদারীপুর সদর উপজেলার বাহেরচর কাতলা গ্রামের কৃষক মুজাম বাদশা জানান, এবার ৩০ শতক জমিতে সবজি চাষ করছেন তিনি।

ছিলারচর ইউনিয়নের চরলক্ষী গ্রামের কৃষক আলমগীর মোল্লা বলেন, ‘আমি ১৩ বিঘা জমিতে সবজি চাষের উদ্যোগ নিয়ে রোপণ করেছি। এরই মধ্যে লাউ, শসা, ঢেড়শ,বেগুনসহ বিভিন্ন সবজি লাগানো হয়েছে।’
‘কৃষি বিভাগের পরামর্শে মুলা, শসা, বেগুন, লাউসহ বিভিন্ন ধরনের সবজি চাষ শুরু করা হয়েছে। বর্তমানে তিনি ৪০ শতাংশ জমিতে ৫০ হাজার টাকা খরচ করে শসার চাষাবাদ করেন। এরই মধ্যে ৭০ হাজার টাকা আয় করেছেন’ বলে জানান শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তামিম মাদবর।
তিনি আরও জানান, এখানকার কৃষকরা শীতকালীন বিভিন্ন ফসল চাষাবাদের পাশাপাশি বারোমাসি হরেক রকম সবজি চাষাবাদ করে মোটা অঙ্কের টাকা আয় করছেন, যা তাদের সংসারে স্বচ্ছলতা এনে দিয়েছে।

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর মাদারীপুর সদর উপজেলায় এক হাজার ১০ হেক্টর, কালকিনি ও ডাসার উপজেলায় এক হাজার ৪০০ হেক্টর, রাজৈর উপজেলায় ৮০০ হেক্টর এবং শিবচর উপজেলায় এক হাজার হেক্টর জমিতে সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মাদারীপুর জেলা কৃষি কর্মকর্তা ড. রহিমা বলেন, ‘মাদারীপুর জেলায় চলতি শীত মৌসুমে চার হাজার ৩২০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা কৃষকদের মাঝে প্রনোদনা দিয়েছি। এরই মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আবহাওয়া অনুকুলে থাকলে সবজি বিক্রি করে প্রতি বছরের ন্যায় এবারও কৃষকরা লাভবান হবেন বলেও জানান তিনি।


