শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর এবার নিয়োগ বাতিল করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমানের।
তিনি বিমানের চুক্তিভিত্তিক কর্মকর্তা ছিলেন। মঙ্গলবার এক অফিস আদেশে সেই চুক্তি বাতিল করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
একই সঙ্গে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়রা সুলতানাকে বিমানের এমডি ও সিইও করা হয়েছে। তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এসব পদ সামলাবেন।
এর আগে শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সোমবার ভোররাতে সাফিকুর ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর সেই বছরের সেপ্টেম্বরে বিমানের দায়িত্ব পান সাফিকুর।
সোমবার গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ রাজু আহমেদ জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।


