গাইবান্ধার সাঘাটা উপজেলায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহতের ঘটনায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবদল নেতা মুকুলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে।
রোববার রাতে বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের বিচার দাবিতে সড়ক অবরোধ ও মিছিল করেন। একপর্যায়ে তারা অভিযুক্ত মুকুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে একই দিন স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন। এ ঘটনায় সালাউদ্দিন নামে একজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুকুল বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। তবে ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন গাইবান্ধা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু।
সাঘাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তোফাজ্জল হোসেন জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে বিক্ষুব্ধ জনতা মুকুল ও তার ভাই পলাশের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও এর মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, আগুনে মুকুলদের বাড়িসহ আশপাশের কয়েকটি ঘর পুড়ে যায়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।


