শিবগঞ্জে ছেলের সালিশি বৈঠক থেকে ফেরার পথে হামলা, বাবা নিহত

শিবগঞ্জে ছেলের সালিশি বৈঠক থেকে ফেরার পথে হামলা, বাবা নিহত
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ছেলের পরকীয়া সম্পর্কের জেরে করা সালিশি বৈঠক থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার রাত ১১টার দিকে উপজেলার পৌর এলাকার কোর্টবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌরসভার দেওয়ান জাইগীর গ্রামের মৃত জাফর আলী মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে একই এলাকার কেতাবুল আলীর মেয়ে সাহিদা খাতুনের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে উভয় পরিবারের সদস্য ও স্থানীয়রা একাধিকবার সালিশে বসেন।

রোববার রাতেও বিষয়টি মীমাংসার জন্য দুই পক্ষ সালিশে বসেন। তবে বিষয়টি নিস্পত্তি না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন বাড়ি ফিরছিলেন। এ সময় সাহিদা খাতুনের পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এসময় আনিসুর রহমানের পক্ষের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে লাঠির আঘাতে গুরুতর আহত হয়ে মারা যান আনিসুর রহমান।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad