শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রকল্প তৈরিতে উৎসাহিত করতে বিশেষ পুরস্কার ও সরকারি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার সকালে ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় আয়োজিত ‘দক্ষতাই ভবিষ্যৎ: যুব কর্মসংস্থান সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
গ্লোবাল অন্ট্রোপ্রেনিউরশিপ নেটওয়ার্ক বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে এই সামিট আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের সময়োপযোগী ও ইনোভেটিভ প্রজেক্ট তৈরির আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের এমন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে, যা সরাসরি দেশের নিরাপত্তা ও উন্নয়নে ভূমিকা রাখবে।’
তিনি বিশেষভাবে ক্রাইম প্যাটার্ন রিকগনিশন এবং ক্রাইম ডিটেকশন সফটওয়্যার তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঘোষণা দেন, কোনো শিক্ষার্থী বা দল যদি এ ধরনের কার্যকর সফটওয়্যার তৈরি করতে পারে, তবে তাদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি এসব উদ্ভাবন বাজারজাতকরণে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।
দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি দক্ষতাভিত্তিক সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের শিক্ষাব্যবস্থা হবে ক্যারিয়ারমুখী। শিক্ষার্থীরা দীর্ঘ সময় ও সম্পদ ব্যয় করে পড়াশোনা করে, যার বিনিময়ে তারা একটি সুন্দর ভবিষ্যৎ ও নিশ্চিত ক্যারিয়ার পাওয়ার যোগ্য। আর এই ক্যারিয়ারের মূল চাবিকাঠি হলো দক্ষতা।’
দেশে দক্ষ জনশক্তির অভাবের কথা স্বীকার করে তিনি বলেন, ‘দক্ষ লোকের অভাবে অনেক বিদেশি আমাদের দেশ থেকে বড় অংকের বেতন নিয়ে যাচ্ছে। আমরা প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে দক্ষতার মাইন্ডসেট তৈরি করতে চাই। আমাদের সরকার একটি জবাবদিহিমূলক সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় আমরা দিনরাত কাজ করছি। প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. সবুর খান। সম্মেলনে দেশি-বিদেশি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


