চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটের তিন যাত্রীর লাগেজ তল্লাশি করে ৯১০ কার্টন সিগারেট ও ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়েছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল ৫টা ৫৫ মিনিটে ফ্লাইটটি অবতরণের পর বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে অভিযান চালায়। তল্লাশিকালে তিন যাত্রীর ব্যাগেজ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
আটক যাত্রীরা হলেন ফটিকছড়ি চট্টগ্রামের মোহাম্মদ সোহেল, কক্সবাজারের চকোরিয়ার মোহাম্মদ উল্যাহ এবং চট্টগ্রামের মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
উদ্ধার হওয়া ৯১০ কার্টন সিগারেটের ওপর আনুমানিক ১৮ লাখ ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জব্দকৃত সিগারেট চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
বিমানবন্দর এনএসআই ও কাস্টমস শাখা সংশ্লিষ্ট তিন যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর এনএসআই, বিমানবন্দর কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স এবং বিমানবন্দর কর্তৃপক্ষের নজরদারি অব্যাহত থাকবে।


