ঢাকার শাহবাগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন আহত হয়েছে।
টাকা নিয়ে বিরোধের জেরে শুক্রবার সন্ধ্যায় শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের দুটি পক্ষ সংঘর্ষে জড়ায়।
এ সময় বংশাল থানার এনসিপি নেতা ইউসুফ আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
সরেজমিনে দেখা যায়, কনভেনশন সেন্টারের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও জেলা শাখার সমন্বয় সভা চলছিল। এ সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির সূত্র ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তা সংঘর্ষে রূপ নেয় এবং প্রায় আধঘণ্টা পরিস্থিতি উত্তপ্ত থাকে।
জানা যায়, তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুর এলাকার একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। এ বিষয়ে অভিযোগ করা হলে এনসিপি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েব বিষয়টি সমাধানের দায়িত্ব দেন মোহাম্মদপুর থানার নেতা রিয়ানকে।
অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং তাদের আটকে রাখার চেষ্টা করেন। পরে তারা সেখান থেকে পালিয়ে আসেন। এরপর থেকে বংশালের নেতারা টাকা ফেরত চেয়ে ব্যর্থ হন। শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে আবারও উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
তবে সংঘর্ষ চলাকালে এনসিপির কোনো কেন্দ্রীয় নেতাকে সেখানে দেখা যায়নি।


