উপসাগরীয় দেশগুলোয় হামলা চালানো ছাড়া কোনো উপায় ছিল না: পেজেশকিয়ান
তেহরান কূটনীতির মাধ্যমে যুদ্ধ এড়াতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে আমাদের কাছে পাল্টা হামলা চালানো ছাড়া কোনো উপায় ছিল না’।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে আরবি এবং ফার্সি ভাষায় দুটি আলাদা পোস্টে প্রেসিডেন্ট এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা আপনাদের সার্বভৌমত্বকে সম্মান করি। ইরান বিশ্বাস করে এই অঞ্চলের নিরাপত্তা অবশ্যই একটি আঞ্চলিক সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অর্জন করতে হবে।’
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আলাপচারিতার পর প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে এল। ওই আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরান শুধুমাত্র কাতারে অবস্থিত মার্কিন স্বার্থে আঘাত হেনেছে, এমন দাবি প্রত্যাখ্যান করেন।
মধ্যপ্রাচ্যে মধ্যস্থতায় বিশেষ দূত পাঠাবে চীন
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার জন্য একটি বিশেষ দূত পাঠানোর ঘোষণা দিয়েছে চীন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপের সময় এই প্রতিশ্রুতি দেন বলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহকে ওয়াং ই বলেন, রিয়াদের সংযম এবং শান্তিপূর্ণ উপায়ে মতপার্থক্য সমাধানের প্রচেষ্টাকে চীন গুরুত্বের সঙ্গে দেখছে।
সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকেও তিনি জানান, বেসামরিক মানুষের ওপর হামলাকে চীন ‘রেড লাইন’ হিসেবে বিবেচনা করে।
শ্রীলঙ্কার উপকূলে ইরানের জাহাজ ডুবে ৮০ জনের মৃত্যু
ইরানের নৌবাহিনীর যে জাহাজটি শ্রীলঙ্কার উপকূলে ডুবে গেছে। সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, ভারত মহাসাগরে ওই হামলার পর অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করেছে যে তারা ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইরিস দেনা’ থেকে সংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করা হয়।
যদি শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনীর মুখপাত্রের দেওয়া সংখ্যা সঠিক হয়, তবে এখনো প্রায় ৬৮ জনের কোনো সন্ধান নেই।
শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজ ডুবিয়েছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শ্রীলঙ্কা উপকূলে ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজডুবির নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন যে, ভারত মহাসাগরে যে ইরানি যুদ্ধজাহাজডুবির ঘটনা ঘটেছে সেটি পেছনে রয়েছে তার দেশ।
এর আগে শ্রীলঙ্কা উপকূলে ইরানের আইরিশ ডেনা নামে একটি যুদ্ধজাহাজে সাবমেরিন থেকে হামলা চালানো হয়। এতে জাহাজটি ডুবে যায়। আহত অন্তত ৩৩ ক্রুকে শ্রীলঙ্কার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী।
ইরানে নিহতের সংখ্যা বেড়ে ১০৪৫
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে অন্তত ১ হাজার ৪৫ জন নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

গত শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। প্রথম দিনের হামলাতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।
এরপর থেকে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইরানের বহু নেতা, সামরিক কর্মকর্তাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি নিহত হয়েছেন। অবশ্য ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতেও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।
নাগরিকদের অবিলম্বে কাতার ছাড়তে বলল যুক্তরাষ্ট্র
কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করতে বলেছে দোহায় নিযুক্ত মার্কিন দূতাবাস।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে জানানো হয়, সশস্ত্র সংঘাতের হুমকির কারণে ৩ মার্চ মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জরুরি প্রয়োজন ছাড়া সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দিয়েছে। যদি নিরাপদ মনে হয়, তবে মার্কিন নাগরিকদের এখনই কাতার ত্যাগ করা উচিত।
এতে আরও বলা হয়, ‘কাতারের আকাশসীমা এবং সমুদ্রপথ বর্তমানে বন্ধ রয়েছে। তবে সৌদি আরবের সাথে সংযুক্ত সালওয়া স্থল সীমান্ত ক্রসিংটি বর্তমানে খোলা আছে।’
ইরানের ১৩১ ড্রোন ও ৬ ক্ষেপনাস্ত্র প্রতিহতের দাবি আমিরাত, কাতার ও তুরস্কের
ইরানের ছোড়া অন্তত ১৩১টি ড্রোন ভূপাতিত ও প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতার। একই সঙ্গে মোট ছয়টি ক্ষেপনাস্ত্র প্রতিহত করেছে আমিরাত, কাতার ও তুরস্ক।
আল জাজিরার খবরে এসব তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন ভূপাতিত করেছে। তবে আটটি ড্রোন দেশটির অভ্যন্তরে আঘাত হেনেছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে উৎক্ষেপণ করা ১০টি ড্রোন এবং দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
তুরস্ক জানিয়েছে যে, নেটো প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুর্কি আকাশসীমায় প্রবেশের আগেই প্রতিহত করেছে।
শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে হামলা, বেশকিছু মৃতদেহ উদ্ধার
শ্রীলঙ্কা উপকূলে ইরানের পতাকাবাহী একটি জাহাজে সাবমেরিন থেকে হামলা হয়েছে, এতে জাহাজটি ডুবে গেছে। তবে হামলাটি কারা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। জাহাজটির নাম আইরিশ ডেনা।
শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, দ্বীপরাষ্ট্রটির জলসীমার ঠিক বাইরে বিপদে পড়ে সংকেত পাঠানো একটি ইরানি সামরিক জাহাজের ক্রুদের উদ্ধারে অভিযান চলছে। এতে বেশ কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলো ওই জাহাজের ক্রুদের মৃতদেহ।
তবে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি।

সবশেষ তথ্য অনুযায়ী, জাহাজটি থেকে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে, তারা হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া ওই এলাকায় অন্য কোনো জাহাজের উপস্থিতি লক্ষ্য করা যায়নি বলেও ওই মুখপাত্র উল্লেখ করেন।
এর আগে দুপুরে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিল, হামলায় জাহাজটির ৭৮ নাবিক আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১০১ জন।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেন, জাহাজটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়েছিল। তাতে সাড়া দিয়ে নৌবাহিনীর সদস্যরা স্থানীয় সময় সকাল ৬টা (গ্রিনিচ মান সময় দুপুর সাড়ে ১২টা) থেকে উদ্ধার অভিযান শুরু করে।
ইসরায়েলি হামলায় লেবাননে ৬৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বাস্তুচ্যুত হয়ে লেবাননের ৬৫ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে নাম নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন দেশটির সমাজকল্যান মন্ত্রী হানিন সাইদ।

বাস্তুচ্যুতদের আশ্রয় ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের দায়িত্বে থাকা সাইদ বলেন, সম্ভবত আরও ১০ থেকে ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যারা বর্তমানে রাস্তায় রয়েছেন অথবা বন্ধু-বান্ধব ও আত্মীয়দের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এখনও অসংখ্য মানুষ সহায়তার জন্য নিবন্ধনের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
তিনি বলেন, ‘পরিস্থিতি ভালো নয়। মানুষ উদ্বিগ্ন।’
২০২৪ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের স্মৃতি এখনও মানুষের মনে তাজা উল্লেখ করে তিনি বলেন, ‘যখন তারা প্রতিদিন ড্রোন অথবা বিস্ফোরণের শব্দে জেগে উঠত।’
লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছে জানিয়ে হানিন সাইদ বলেন, সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা হলো দেশের সমস্ত ভূখণ্ডে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।
লেবানন সীমান্ত বন্ধ করল সিরিয়া
ইসরায়েলি বাহিনী লেবানন-সিরিয়া সীমান্তে হামলা চালাতে পারে এমন সতর্কবার্তা পাওয়ার পর ওই সীমান্ত দিয়ে বহির্গমন বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার স্থল ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষ।

জেদেইদাত ইয়াবুস সীমান্তের এক কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, লেবানন থেকে পালিয়ে আসা সিরিয়ার নাগরিকদের জন্য প্রবেশের পথ এখনো খোলা রাখা হয়েছে।
ইরানের সরকার উৎখাত করতেই 'কাল্পনিক হুমকির' অজুহাত যুক্তরাষ্ট্রের: রাশিয়া
ইরানে সরকার উৎখাতের জন্য যুক্তরাষ্ট্র অজুহাত হিসেবে তথাকথিত ‘কাল্পনিক হুমকি’র কথা বলেছে, এমন অভিযোগ রাশিয়ার।

এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে তার পারমাণবিক আলোচনাকে সরকার পরিবর্তনের পরিকল্পনা গোপন করার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেছে।
ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আবারও হামলার শিকার হওয়ায় গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মারিয়া বলেন, ‘মস্কো দৃঢ়ভাবে বিশ্বাস করে এই সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে সমাধানের অনুসন্ধান চালিয়ে যেতে তারা প্রস্তুত।’
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২
লেবাননে ইসরায়েলি হামলায় মঙ্গলবার অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় বার্তা সংস্থা।
এর মধ্যে বালবেকে একটি আবাসিক ভবনে হামলায় ছয়জন নিহত হয়েছেন। বৈরুতের দক্ষিণে আরামুন ও সাদিয়াত এলাকায় আলাদা হামলায় নিহত হয়েছেন আরও ছয়জন।
দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়, ধারাবাহিক এসব হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন এবং আরও দুইজন নিখোঁজ রয়েছেন।
যুদ্ধে স্পেনের স্পষ্ট অবস্থান 'বিরোধী': প্রধানমন্ত্রী সানচেজ
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তার সরকার স্পষ্টভাবে যেকোনো যুদ্ধের বিরোধী। তিনি বলেন, স্পেনের জনগণও ‘এই বিপর্যয়ের’ বিরুদ্ধে।
পেদ্রো সানচেজ ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল অবস্থার পেছনে মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করেছেন। ইরানের ওপর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালিয়ে দাবি করে ট্রাম্প ও নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন তিনি।

এর জেরে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
তারই পরিপ্রেক্ষিতে সানচেজ বলেন, ‘যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ইরাক আক্রমণের ফলে বিশ্ব আরও অনিরাপদ হয়ে উঠেছিল। একইভাবে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ কোনো ন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থা, সুস্থ পরিবেশ বা সাধারণ মানুষের উন্নত জীবন বয়ে আনবে না।’
তিনি বর্তমান সংকটকে মানবজাতির বড় দুর্যোগগুলো যেভাবে শুরু হয় সেই অবস্থার সঙ্গে তুলনা করে বলেন, ‘আগ্রাসী দেশগুলোর সরকারের উচিত নয় “কোটি মানুষের ভাগ্য নিয়ে রুশ রুলেট খেলা (জুয়া)”।’
যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলার সঙ্গে সংশ্লিষ্ট অভিযানে স্পেনের কোনো সামরিক ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ায় সিদ্ধান্তও পুনর্ব্যক্ত করেন সানচেজ।
ইরান থেকে ৪৭০ চীনা নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে ইরান থেকে ৪৭০ জনের বেশি চীনা নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সর্বোচ্চ দায়িত্ব বলে মনে করে বেইজিং।
চীন সরকারের পক্ষ থেকে এক বার্তায় তিনি বলেন, হরমুজ প্রণালী ও আশপাশের জলসীমায় নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। বৈশ্বিক বাণিজ্যের জন্য এই সমুদ্রপথের গুরুত্ব তুলে ধরে চীন শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়েছে।
ইউএই'র আকাশে ইরানি ড্রোন ভূপাতিত করল ফরাসি যুদ্ধবিমান

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশে ছুটে আসা ইরানি ড্রোন ভূপাতিত করেছে ফরাসি রাফাল যুদ্ধবিমান। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো এ দাবি করেছেন।
তিনি জানান, ইউএই-কে রক্ষায় ফ্রান্সের নৌ, বিমান ও স্থলবাহিনীর শত শত সদস্য মোতায়েন রয়েছে।
বারো মঙ্গলবার বলেন, ‘আবুধাবির কাছে ফ্রান্সের সামরিক বাহিনীর আল-ধাফরা ঘাঁটিতে অবস্থানরত রাফাল যুদ্ধবিমানগুলোকে ইরানের হামলা প্রতিহত করতে মোতায়েন করা হয়েছে। এদের লক্ষ্য ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র থেকে ফ্রান্সের ঘাঁটিগুলো রক্ষা করা।’
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিস্তৃত হওয়ায় ফ্রান্স তার প্রধান বিমানবাহী রণতরী ভূমধ্যসাগরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ।
'ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে বেমানান'

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েল হামলা আন্তর্জাতিক আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
তিনি বলেন, ‘আমার মনে হয় না এটি ইরানের প্রাপ্য বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাই আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে না।’
বুধবার অস্ট্রেলিয়ার সিডনিতে লোয়ি ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে দেখলে, এটি আন্তর্জাতিক আইনের কোনো ধারার সঙ্গেই মিলছে না। তারা কিছুতেই এই হামলাকে যুক্তিসঙ্গত বলে প্রমাণ করতে পারবেন না।’
খামেনির যেকোনো উত্তরসূরিকে হত্যার প্রতিশ্রুতি ইসরায়েলের

ইরানের যেকোনো নেতা, যাকে আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়া হবে তাকেই হত্যা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ।
তিনি বলেন, ‘ইরানি সন্ত্রাসী শাসকদলের যে কোনো নেতা, যিনি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা চালাবেন, যুক্তরাষ্ট্র ও স্বাধীন বিশ্বের দেশগুলোকে হুমকি দেবেন এবং ইরানি জনগণকে দমন করবেন, তাকে স্পষ্টভাবে লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে।’
‘তার নাম, পরিচয়, বংশ কিংবা সে কোথায় লুকিয়ে আছে তা ইসরায়েলি বাহিনীর ওপর কোনো প্রভাব ফেলে না’ বলেও হুঁশিয়ার করেন তিনি।
কাৎজ জানান, যতদিন না ইরানের জনগণের কাছে সরকার উৎখাতের সুযোগ তৈরি হয় ততদিন ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামর্থ্য ধ্বংস করতে কাজ চালিয়ে যাবে।
ডুবন্ত ইরানি নৌযান থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

ইরানের একটি ডুবন্ত নৌযান থেকে ৩০ আহত নাবিককে উদ্ধার করেছে শ্রীলঙ্কা। ওই ফ্রিগেটটি শ্রীলঙ্কার আঞ্চলিক জলসীমার ঠিক বাইরে ডুবে যাচ্ছিল এবং সাহায্যের জন্য আশপাশের নৌযানগুলোকে সংকেত পাঠিয়েছিল।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানিয়েছেন, জাহাজটিতে ১৮০ সদস্যের ধারণক্ষমতা সম্পন্ন জাহাজের আহত নাবিকদের শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নৌযানটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা, বিরোধী সংসদ সদস্যের এমন প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনায় দুই শতাধিক ড্রোন ছুড়েছে ইরান

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিসহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ২৩৬টি ড্রোন নিক্ষেপের দাবি করেছে ইরানের রেভ্যুলশনারি গার্ডস করপস (আইআরজিসি)।
বাহিনীর দাবি, এখনও যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন থাকা বিভিন্ন স্থানে ২৩৬টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। যার মধ্যে ইরাকের এরবিলের একটি ঘাঁটি, কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং ক্যাম্প আরিফজানও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
আইআরজিসি বলেছে, এই হামলাগুলো তাদের যুদ্ধের ‘প্রথম শক্তিশালী পদক্ষেপের মধ্যে একটি’।
পাকিস্তান থেকে অ-জরুরি কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
পাকিস্তানের করাচি ও লাহোরে যুক্তরাষ্ট্রের কনসুলেটে দায়িত্বরত নন এমন কর্মী এবং তাদের পরিবারকে দ্রুত পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বার্তায় জানিয়েছে, পাকিস্তানে সরকারি কোনো গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত নন এমন অ-জরুরি মার্কিন নাগরিকদের তাৎক্ষণিকভাবে দেশ ত্যাগ করতে হবে।
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ শুরু করে পাকিস্তানের শিয়া মুসলিম ও ইরানপন্থী নাগরিকেরা।
গত রোববার করাচিতে মার্কিন কনসুলেটের বাইরে প্রতিবাদে চলার সময় ১০ জন নিহত এবং ৬০ জন আহত হন।
এ সময় কিছু বিক্ষোভকারী কনসুলেট ভাঙার চেষ্টা করেছিলেন।
এছাড়া ইরানপন্থী বিক্ষোভে পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মোট ২৪ জন নিহত হয়েছেন।
খামেনির স্মরণে তেহরানে ৩ দিনের শোক আয়োজন শুরু রাতে

ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে রাত থেকে তিনদিনের শোক অনুষ্ঠান শুরু করবে তেহরান।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় রাত ১০টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লার প্রার্থনা হলে জমায়েত হবেন খামেনির অনুসারী ও সমর্থকরা। আনুষ্ঠানিকভাবে তারা সর্বোচ্চ নেতার স্মরণে তিন দিনের স্মৃতিচারণ ও শোক আয়োজন শুরু করবেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, খামেনির দাফন বা শেষকৃত্যের বিষয়ে এখনও আলোচনা চলছে। শিগগিরই তা চূড়ান্ত করা হবে।
ইরানের যুদ্ধ পরিস্থিতি আয়াতুল্লাহ খামেনিকে পূর্ণ মর্যাদায় বিদায় দেওয়ার ক্ষেত্রে কিছুটা বিঘ্ন সৃষ্টি করছে বলে মনে করছেন তার সমর্থকরা।
হরমুজ প্রণালীতে সম্পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে দেশটির অভিজাত ইসলামিক রেভোলিউশনারি গার্ড করপস (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার মুখে এই সংকীর্ণ জলপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিল তেহরান।
আইআরজিসির নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ ফার্স নিউজকে বলেন, ‘বর্তমানে হরমুজ প্রণালী ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর পুরো নিয়ন্ত্রণে রয়েছে।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালীতে মার্কিন ট্যাংকারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে তিনি আরব সাগরে নৌবাহিনী মোতায়েন করতে প্রস্তুত।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে আইআরজিসি।
বিপ্লবী বাহিনীর তথ্যমতে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ১৭তম ধাপে বিমান হামলার অংশ হিসেবে ওই ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
জার্মান চ্যান্সেলরের চাপে ইউরোপ ইতিহাসের ভুল পাশে দাঁড়িয়েছে: ইরান

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎজের চাপে ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে কিছু ইউরোপীয় দেশ ভুল পথে যেতে পারে বলে মনে করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই।
তিনি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘জার্মান চ্যান্সেলর গতকাল হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন এবং স্পষ্টতই তিনি ইরানবিরোধী অবস্থান নিয়েছেন। তবে তিনি এখানেই ক্ষান্ত হননি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে অন্য ইউরোপীয় দেশগুলোকেও যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার চাপ দিচ্ছে। তার এই সিদ্ধান্ত ‘ইতিহাসের ভুল পাশে অবস্থান নেওয়া’ হিসেবেই মনে রাখা হবে।’
বাঘাই আরও বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নকে ইতিহাসের নাৎসি মানসিকতার মতো পদক্ষেপ এড়িয়ে আন্তর্জাতিক আইন ও ন্যায় রক্ষা করতে হবে।’
অবশ্য মের্ৎজ ওয়াশিংটন সফরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে সমর্থন জানালেও আশা করেছেন- এই যুদ্ধ শিগগিরই শেষ হবে, কারণ এটি বিশ্বের অর্থনীতির ক্ষতি করছে।
বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন ভূপাতিত
বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর কাছেই মার্কিন দূতাবাসের লজিস্টিক সহায়তা ঘাঁটিকে লক্ষ্য করে ওই ড্রোন উৎক্ষেপণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে
বাগদাদ কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, ইরাকের নিরাপত্তা মিডিয়া সেল জানায়, বিমানবন্দরের কাছে গত মঙ্গলবারও একটি ড্রোন হামলা প্রতিহত করা হয়েছিল।
বৈরুতের হরেত হ্রেইক খালি করার নির্দেশ ইসরায়েলের
বৈরুতে হরেত হ্রেইক থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু ওই ভবনগুলো যত দ্রুত সম্ভব খালি করতে বলেছে তারা।
ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র একটি মানচিত্র প্রকাশ করেছেন, যেখানে লেবাননের রাজধানীর কিছু ভবন লাল রঙে চিহ্নিত করা হয়েছে। তিনি সতর্কবার্তায় জানান, এসব ভবনে হামলা করা হবে কারণ সেগুলো সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্পৃক্ত। কাজেই ভবনে থাকা বেসামরিক বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দেন তিনি।
মুখপাত্র বলেন, ‘আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য, আপনাদের এই ভবনগুলো এক্ষুনি খালি করতে হবে এবং মানচিত্রের নির্দেশ অনুযায়ী কমপক্ষে ৩০০ মিটার দূরত্বে থাকুন।’
দক্ষিণ লেবাননের আরও ১৩ গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের

দক্ষিণ লেবাননের আরও ১৩ গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই নির্দেশনা না মানলে জোরপূর্বক তাদের বাস্তুচ্যুত করারও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী।
এসব এলাকার মধ্যে রয়েছে কানা, কাফার কিলা এবং মাজদাল জাউন।
এর কয়েক ঘণ্টা আগেই দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী ১৬টি গ্রাম ও শহরের বাসিন্দাদের জন্য একই ধরনের সতর্কতা জারি করেছিল।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় রাশিয়া ও চীনের নিন্দা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বার্তা দিয়েছে দেশ দুটি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইস কঠোর ভাষায় ইসরায়েলকে অবিলম্বে ইরানে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। তিনি বলেন, ‘কেবল শক্তি ব্যবহার নয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে।’
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সির্গেই লাভরভ জানিয়েছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে- মস্কোর পর্যবেক্ষণে এমন কোনো প্রমাণ নেই। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধ স্থায়ী করলে তা অঞ্চলের সব দেশের জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। লাভরভের মতে, কেবল পারমাণবিক অস্ত্রের শঙ্কা থেকে একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হলে, বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষায় অন্য দেশগুলোও পারমাণবিক অস্ত্র সক্ষমতা বাড়াতে চাইবে।
চীন ও রাশিয়া জোর দিয়ে বলেছে, কোনো রাষ্ট্রকে কংগ্রেস বা রাষ্ট্রীয় কাঠামোর অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্রের আক্রমণ করা উচিত নয়।
ইরানে স্থল অভিযান চালাতে কুর্দিদের উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানে বিদ্রোহী গোষ্ঠী কুর্দি যোদ্ধাদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে বিদ্রোহ শুরুর চেষ্টা করছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের বার্তা সংস্থা আইটিভি।
তাদের দাবি, ২০২৫ সালের ১২ দিন ব্যাপী ইরান-ইসরায়েল যুদ্ধের পর থেকে সশস্ত্র ওই কুর্দিশ বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে।
আইটিভি জানায়, গত বছর যুদ্ধের পর পশ্চিম ইরানে হাজার হাজার কুর্দিশ স্বেচ্ছাসেবীকে অস্ত্র সরবরাহের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে অস্ত্রসজ্জিত বাহিনী আগামী কয়েকদিনের মধ্যে ইরানের ভেতর স্থল অভিযান শুরু করতে পারে।
সে লক্ষ্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে পশ্চিম ইরানের নিরাপত্তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলা চালাচ্ছে যেন ইরানের সামরিক বাহিনীর কার্যকারিতা দুর্বল করা যায় এবং স্থল অভিযানের সক্ষমতা বাড়ানো যায়।
কুর্দিশ সূত্র জানিয়েছে, যখন স্থল অভিযান শুরু হবে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিমান সহায়তা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তবে মার্কিন প্রশাসন সেই অনুরোধ অনুমোদন করেছে কি না- তা জানা যায়নি।
গত কয়েকদিনে ইরানও কুর্দিশ বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে বোমা হামলা বৃদ্ধি করেছে।
গত সপ্তাহের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর ইরাকের ইরানি ও ইরাকি কুর্দিশ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন।
ধারণা করা হচ্ছে, সেই আলোচনায় ইরানের ভেতরে স্থল অভিযান ও সশস্ত্র বিদ্রোহের বিষয়ও তুলে ধরা হয়েছিল। অবশ্য আলোচনায় উপস্থিত থাকা কেউ প্রকাশ্যে তা নিশ্চিত করেননি।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানান, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এবং ইরানি প্রভাব দমন করতে বহু আঞ্চলিক অংশীদারের সঙ্গে কথা বলেছেন।
মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দেওয়ার অনুরোধ বিবেচনা করছেন।
তিনি নিজেও এ সম্পর্কিত ওয়াশিংটন পোস্টের একটি মতামত নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে শেয়ার করেছেন। বিশ্লেষণধর্মী ওই লেখায় বলা হয়েছে- মার্কিন সেনাদের স্থল অভিযান চালানোর প্রয়োজন নেই, কারণ ইরানিরা নিজেরাই ‘পায়ের ভূমিকায় থাকবে’ অর্থাৎ স্থল অভিযান পরিচালনা করবে।
তবে বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইরানে একটি সফল বিদ্রোহ সম্ভবত কল্পনার বিষয়, কারণ ইরান কুর্দিশ অঞ্চলে সামরিক উপস্থিতি শক্তিশালী করেছে এবং তারা যে কোনো বিদ্রোহ কঠোরভাবে দমন করবে।
ইরানে প্রায় এক কোটি কুর্দ আছে এবং হাজার হাজার কুর্দ যোদ্ধা পাহাড় ঘেরা অঞ্চলে প্রশিক্ষণ নিয়েছে। যদিও ইরানে বিদ্রোহের ক্ষেত্রে কুর্দিশ নেতারা সাধারণ ইরানি জনগণের কিছু সমর্থন পেতে পারেন তবে ইরাকি কুর্দিশ নেতারা সম্ভাব্য বিপর্যয়ের শঙ্কায় বেশ সতর্ক থাকবেন। বিশেষ করে অন্য দেশের মতো যারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছে, তাদের ওপর পাল্টা আক্রমণের বিষয়টি তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
ইরান থেকে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সতর্কবার্তা দিল ইসরায়েল

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কাজ করছে।
সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে সুরক্ষিত আশ্রয়ে প্রবেশ করার এবং নতুন ঘোষণা না আসা পর্যন্ত সেখানে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
আইডিএফ জানিয়েছে, কেবল স্পষ্ট নির্দেশনা পাওয়ার পরই সুরক্ষিত স্থান থেকে বের হওয়া অনুমোদিত হবে। এক্ষেত্রে বাড়ি ও সিটি নিরাপত্তা কমান্ডের নির্দেশনা অনুযায়ী চলতে হবে।
অগুরুত্বপূর্ণ মার্কিনিরা সৌদি আরব ছাড়তে পারবেন
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুদ্ধ ও নিরাপত্তা পরিস্থিতির কারণে সৌদি আরবে অবস্থান জরুরি নয় এমন মার্কিন নাগরিক, সরকারি কর্মী এবং তাদের পরিবার ইচ্ছা করলে দেশটি ত্যাগ করতে পারবেন।
তবে দেশটির পররাষ্ট্র দপ্তর নাগরিকদের সতর্ক করে বলেছে, এসব ব্যক্তি ফিরতে চাইলে কেবল বাণিজ্যিক বিমানের মাধ্যমে ফিরতে পারবেন এবং প্রয়োজনে ফ্লাইট বুকিংয়ে সরকারের সহযোগিতা নিতে পারেন।
মূলত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতি থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ রাখতে এই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের দক্ষিণে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি তথ্যটি নিশ্চিত করেছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এরইমধ্যে নয়টি ড্রোনও ভূপাতিত করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য দেননি সৌদি কর্মকর্তারা।
ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত: যুক্তরাষ্ট্রের অধিকার সংস্থা

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ইরান যুদ্ধে এক হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সংস্থাটির দাবি, নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ১৮১ জন শিশু।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানে আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে ১০০ জনই শিশু।
এই সময়ে ইরানজুড়ে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংস্থাটি। হামলাগুলোতে সামরিক ঘাঁটি, চিকিৎসাকেন্দ্র এবং আবাসিক এলাকাও লক্ষ্যবস্তু হয়েছে।
লেবাননের বালবেকে ইসরায়েলি হামলায় নিহত ৪, আহত ৬

লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।
দেশটির জাতীয় বার্তা সংস্থা জানিয়েছে, বুধবার ভোরে এ হামলার ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ভবনটি শহরের আল-মাত্রাবা এলাকায় অবস্থিত।
বালবেক কর্তৃপক্ষ জানিয়েছে হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
ওমান থেকে ব্রিটিশ নাগরিকদের সরাতে যুক্তরাজ্যের বিশেষ ফ্লাইট
মধ্যপ্রাচ্য ছাড়তে ইচ্ছুক ব্রিটিশ নাগরিকদের সহায়তায় ওমান থেকে একটি বিশেষ বাণিজ্যিক ফ্লাইট ভাড়া করেছে যুক্তরাজ্য সরকার।
ফ্লাইটটি ওমানের রাজধানী মাস্কাট থেকে ৪ মার্চ স্থানীয় সময় রাত ১১টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এতে কূটনীতিকসহ অগ্রাধিকার ভিত্তিতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যারা এরইমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিজেদের অবস্থান নিবন্ধন করেছেন এবং বর্তমানে ওমানে অবস্থান করছেন, তারা আসন পেতে চাইলে জরুরি ভিত্তিতে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
এছাড়া পররাষ্ট্র দপ্তর অনুরোধ করেছে, দপ্তর থেকে যোগাযোগ না করা পর্যন্ত যেন কেউ বিমানবন্দরে না যান।
ব্রিটিশ সরকার আরও জানিয়েছে, যুক্তরাজ্যে ফেরার জন্য নাগরিকদের সহায়তা করতে তারা বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অতিরিক্ত রুট নিশ্চিতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ট্রাম্পকে ঠেকাতে ভোট দেবে মার্কিন সেনেট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে ভোট দিতে যাচ্ছে মার্কিন সেনেট।

কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়। তবে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ট্রাম্প সেনেটের অনুমোদন ছাড়াই একক ক্ষমতায় সিদ্ধান্ত নিয়েছেন।
ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যেন তিনি আর কোনো সামরিক পদক্ষেপ না নেন, তা নিশ্চিত করতে যুদ্ধক্ষমতা প্রস্তাবের ওপর ভোট আয়োজন করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই বিভিন্ন দেশে সামরিক হামলা এগিয়ে নেওয়ায় প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রমবর্ধমান সমালোচনায় এই প্রস্তাব আনা হয়েছে।
প্রস্তাবটি নিয়ে বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় সেনেটে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে। এরপর স্থানীয় সময় বিকাল ৪টায় প্রস্তাবের পক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রস্তাবটি পাস হলে, ইরানের বিরুদ্ধে ভবিষ্যৎ সামরিক অভিযানের ক্ষেত্রে প্রেসিডেন্টকে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন নিতে হবে।
দক্ষিণ লেবাননের ১৬ গ্রাম-শহর খালি করার নির্দেশ ইসরায়েলের

দক্ষিণ লেবাননের অন্তত ১৬টি গ্রাম ও শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাদের সরে যাওয়ার এই নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের যত দ্রুত সম্ভব নিরাপদ ও অপেক্ষাকৃত উত্তরাঞ্চলের দিকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশে অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে মাজদাল সেলেম, হুলা ও শাকরা সহ আরও কয়েকটি গ্রাম ও ছোট শহর।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সীমান্ত এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কার্যক্রমের কারণে সামরিক অভিযান পরিচালিত হতে পারে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৬
মাউন্ট লেবাননের আরামাউন ও সাদিয়াতে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে টেলিভিশন চ্যানেল আল মায়েদান এ কথা জানিয়েছে।
এ হামলায় আরও আটজন আহত হয়েছেন।
এর আগে লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছিল, ইসরায়েলের ‘হামলায়’ মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৩৩৫ জন।


