ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম বলেছেন, জুলাইয়ে হাজারো মায়ের কোল খালি হয়েছে, আমাদের বাচ্চারা জীবন দিয়েছে। তাদের প্রত্যাশা ছিল, দেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা।
তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে, যাতে করে দেশে কোনো অবস্থাতেই আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে।’
বুধবার দুপুরে উত্তরা আজমপুরের মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা-১৮ নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে এ কথা বলেন।
ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পীর সাহেব চরমোনাই আরও বলেন, ‘জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে এবং তারই ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’
গণসমাবেশে চরমোনাই পীর ঢাকা-১৮ আসন থেকে মো. আনোয়ার হোসেনের হাতে হাতপাখা প্রতীক তুলে দেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে আনোয়ার হোসেনের জন্য কাজ করার আহ্বান জানান।
গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাসুম বিল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ, ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহাম্মদ আবু হানিফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আবু জাফর আলম প্রমুখ।
বক্তারা প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি জানান।
এটি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন রাজনৈতিক অবস্থান ও দাবিগুলো তুলে ধরেছে।


