ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ ব্যক্তি বা আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো তিনি দলটির আমির নির্বাচিত হলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম শনিবার রাতে সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে ‘আমির’ নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান।
এর আগে গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্য বা রুকনদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করে। এরপর শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির হিসেবে শফিকুর রহমানের নাম ঘোষণা করেন।
বাংলাদেশ জামায়াত ইসলামের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ডা. শফিকুর রহমান ১৯৭৪ এসএসসি এবং ১৯৭৬ সালে সিলেট এম সি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ১৯৮৩ সালে সিলেট মেডিকেল কলেজ (বর্তমান এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ) থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতি শুরু করেন।
জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন শফিকুর রহমান। ১৯৭৩ সালে জাসদ ছাত্রলীগে যোগ দেন। এরপর ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন। পরবর্তিতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
১৯৮৪ সালে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে বৃহত্তর রাজনীতিতে পা রাখেন তিনি। সিলেট শহর, জেলা ও মহানগরী জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হন। ২০১৯ সালের ১২ নভেম্বর দলের সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো আমির নির্বাচিত হন। এরপর ২০২২ সালের ৩১ অক্টোবর দ্বিতীয় বারের মতো সদস্যরা তাকে আমির নির্বাচিত করেন।


