কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে ডোবার পানিতে ভাসমান অবস্থায় এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উখিয়া উপজেলার ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মোরাজান (২৯)। তিনি উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হাশিম উল্লাহর স্ত্রী এবং দম্পতির চার সন্তান রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, স্থানীয় লোকজন ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
মৃত নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।


