রাজধানীর পল্টন ময়দানে ‘ন্যাশনাল রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
একই দিনে তিনি জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২৬’-এরও আনুষ্ঠানিক সূচনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বাংলাদেশ রাগবি ফেডারেশনকে এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে রাগবি খেলার এই নবযাত্রাকে সরকার অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে। খেলোয়াড়দের সুপ্ত প্রতিভা বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
রাগবিকে কেবল রাজধানী কেন্দ্রিক না রেখে তৃণমূল পর্যায়ে তথা জেলা ভিত্তিক ছড়িয়ে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী ফেডারেশনকে একটি পূর্ণাঙ্গ বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়নের আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ফেডারেশনকে সরকার সমান গুরুত্ব প্রদান করে। একটি পরিকল্পিত বার্ষিক ক্যালেন্ডার থাকলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা আরও সহজ হবে।
রাগবি প্রতিযোগিতার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী পল্টনস্থ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ছোটদের স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।
তিনি বলেন, হ্যান্ডবল দেশের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম। তৃণমূল পর্যায় থেকে আগামীর তারকা খেলোয়াড় খুঁজে বের করতে এ ধরনের স্কুল পর্যায়ের প্রতিযোগিতা অত্যন্ত সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে।
খেলাধুলা তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।


