বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
রুল জারি হলে সেটি বিচারাধীন অবস্থায় নির্বাচিত কমিটি ভেঙে গিয়ে অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত ৭ এপ্রিলের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে। সাতজন আইনজীবী বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
রিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ বিসিবির অ্যাডহক কমিটির সভাপতিকে বিবাদী করা হয়েছে।
জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে, যেমন কোনো কমিটি যথাযথভাবে দায়িত্ব পালনে অসমর্থ হলে বা স্বার্থবিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করলে সেক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করা যায়। তবে বিসিবির নির্বাচিত কমিটির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণিত হয়নি। তবু আইনের ওই বিধান যথাযথভাবে অনুসরণ না করে নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আইনসম্মত নয়। এ কারণে রিটটি করা হয়েছে।
আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে।
গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। আরও দুই সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খান কমিটিতে আছেন। অ্যাডহক কমিটির সদস্য রাশনা ইমাম বিএনপির সংসদ সদস্য ববি হাজ্জাজের স্ত্রী। মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু যথাক্রমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে।


