দুর্নীতির অভিযোগে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আলমগীর এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানিয়েছেন
দুদকের পক্ষে সংস্থাটির উপসহকারী পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ জালাল এই আবেদন করেন।
আবেদনে বলা হয়, নিজাম উদ্দিন হাজারীর বিরুদ্ধে ১৮ কোটি ৭২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগ রয়েছে। নিজ নামে ব্যবসা প্রতিষ্ঠান ও মোট ৮২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২৮০ কোটি ১৪ লাখ টাকা জমা ও ২৬৮ কোটি ৬৬ লাখ টাকা উত্তোলন করে অসংখ্য সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরেরও অভিযোগ রয়েছে।
এ ছাড়া, পাবলিক সার্ভেন্ট হিসেবে তার ওপর অর্পিত দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করায় দুদক তার বিরুদ্ধে মামলাটি করে।
মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ সময় পাওয়া রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, আসামি মো. নিজাম উদ্দিন হাজারী একজন আয়কর দাতা। আসামির আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তের সময় পর্যালোচনার জন্য সত্যায়িত ছায়ালিপি সরবরাহের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন। তাই অভিযুক্তের আইকর নথি জব্দের আবেদন জানানো হয়েছে।


