সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত ছয় জনপ্রতিনিধি।
মঙ্গলবার বেলা ১টা ২২ মিনিটে প্রথমে তাদের সংসদ সদস্য হিসেবে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এর কিছুক্ষণ পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন তারা।
এনসিপির ছয় সংসদ সদস্য হলেন, নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, আবদুল হান্নান মাসউদ, আবদুল্লাহ আল আমিন ও আতিকুর রহমান মোজাহিদ। তারা জামায়াত নেতৃত্বাধীন জোটের ব্যানারে নির্বাচন করেছেন।
এর আগে মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি ও ১২টা ২০ মিনিটের দিকে জামায়াত ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী শপথ নেন।
তবে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।
এমন পরিস্থিতিতে জামায়াত ও এনসিপির সংসদ সদস্যদের শপথ নিয়ে শঙ্কা দেখা দেয়। পরে জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বে জরুরি বৈঠকে বসেন ১১ দলীয় জোটের নেতারা। সেখানেই সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত নেয় জামায়াত জোট।


