বাংলাদেশের ১৪ তম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডে ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন লিটন দাস। সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে স্বর্ণালি হরফে ‘100’ লেখা তাকে বিশেষ ক্যাপ দিয়ে সম্মাননা জানিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান।
২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে লিটনের ওয়ানডে অভিষেক হয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ১১ বছর পর একই মাঠে খেলতে নামলেন নিজের শততম ওয়ানডে, প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড। ১১ বছরের এই ওয়ানডে ক্যারিয়ারে ৯৮ ইনিংসে ব্যাট করে লিটনের সেঞ্চুরি পাঁচটি, ফিফটি ১২টি। ২৭০০ রান করেছেন ৩০.৩৩ ব্যাটিং গড়ে, স্ট্রাইকরেট ৮৫.৭৬। ৬৮ ক্যাচ ধরার সাথে করেছেন পাঁচটি স্টাম্পিং।
লিটনের আগে বাংলাদেশের হয়ে শতাধিক ম্যাচ খেলেছেন ১৩ ক্রিকেটার। সবচেয়ে বেশি ২৭৪ টি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান ২৪৭, তামিম ইকবাল ২৪৩, মাহমুদউল্লাহ রিয়াদ ২৩৯, মাশরাফি বিন মুর্তজা ২১৮, মোহাম্মদ আশরাফুল ১৭৫, আব্দুর রাজ্জাক ১৫৩, খালেদ মাসুদ পাইলট ১২৬, মোহাম্মদ রফিক ১২৩, মোস্তাফিজুর রহমান ১১৯, মেহেদী হাসান মিরাজ ১১৮, হাবিবুল বাশার সুমন ১১১ ও রুবেল হোসেন খেলেছেন ১০৪ ওয়ানডে।


