উচ্চশিক্ষায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া লালমনিরহাটের আটজন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তরুণদের উচ্চশিক্ষার পথ সুগম করতে ও স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই সরকারের খাত থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আর্থিক সহায়তা পাওয়া আট শিক্ষার্থী হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মহেন্দ্রনগরের মো. মিফতাহুল বসুনিয়া লাবিব, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মো. হোসেন আলী (সাপ্টীবাড়ী), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মো. হাবিবুর রহমান (খুনিয়াগাছ), গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার মো. হাবিবুর রহমান হাকিমুল (কালমাটি), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের মো. ইয়াজীদ আলী রিয়াদ (উত্তর সাপটানা), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের মো. তূর্য চন্দ্র সরকার (আদর্শপাড়া), ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের মোজাহেদুল ইসলাম মিম (আদিতমারী) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের মো. তামিম সরকার সাম্য (সাপটানা)।
অর্থ সহায়তা দেওয়ার সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, এই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, জেলা ও পুরো জাতির কল্যাণে অবদান রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।


