আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে শূন্যলাইনে খুঁটি স্থাপনের অপচেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থানের মুখে সেই খুঁটি অপসারণ করতে বাধ্য হয় তারা।
বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসিরমুখ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, সন্ধ্যায় বিএসএফের একটি দল আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যলাইনে নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির নজরে আসলে তাৎক্ষণিকভাবে কলসিরমুখ বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আপত্তি জানান এবং কঠোর অবস্থান নেন।
বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে অবিলম্বে খুঁটি অপসারণের চাপ দেওয়া হয়।
বিজিবির এমন অনড় ও কড়া অবস্থানের মুখে বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হন এবং বসানো খুঁটি দ্রুত সরিয়ে নেন।
এ বিষয়ে ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল। খবর পেয়ে বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান নেয়। তাদের প্রতিবাদের কারণে বিএসএফ কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়।
তিনি আরও জানান, বর্তমানে ওই সীমান্ত এলাকায় স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তের অখণ্ডতা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় ও পেশাদার ভূমিকা পালন করে যাবে।


