রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরিঘাটে এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে। বাসটি কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ফেরিতে ওঠার সময় বাস থেকে যাত্রীরা নেমে গিয়েছিলেন।
বিআইডব্লিউটিএ’র উপ মহাব্যবস্থাপক আবদুস সালাম জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্সের বাস আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে দৌলতদিয়ার ৭নং ফেরিঘাটে, ফেরি কবরী কনভেনশন পকেট দিয়ে ঢুকে ফেরির বিপরীত দিকে র্যাম্প ভেঙ্গে নদীতে পড়ে যায়।
বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। তবে এ ঘটনায় হতাহতের তথ্য পাওয়া যায়নি। বাসের ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুস সালাম জানান, বাসটি ফেরিতে ওঠার আগেই স্থানীয় প্রশাসন সব যাত্রীদের নামিয়ে ফেরিতে ওঠার নির্দেশনা দেয়।
বাসটি উদ্ধার করার জন্য বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা আনা হচ্ছে। এরইমধ্যে ডুবুরি দল কাজ শুরু করেছে ।

এ বিষয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান, কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘এসবি পরিবহন’ বাসটি সকাল ৯টা ২৫ মিনিটের দিকে টার্মিনাল-৭ থেকে নদীতে পড়ে।
বাসটি নদীতে পড়ার সময় ভেতরে কোনো যাত্রী ছিলেন না নিশ্চিত করে তিনি বলেন, ‘বাসটি ফেরিঘাটে পৌঁছানোর আগে সব যাত্রীরা বাস থেকে নামেছিলেন। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো নিখোঁজের অভিযোগও পাইনি।’
এসবি পরিবহনের পক্ষ থেকে বলা হয়, সকাল ৭টায় কুষ্টিয়া মজমপুর কাউন্টার থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। যাত্রীরা সবাই নিরাপদে আছেন, কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিকল্প একটি বাস যাত্রীদের ঢাকায় পৌঁছে দিতে কুষ্টিয়া থেকে রওনা হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।
এর আগে, গত ২৫ মার্চ বিকালে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন এলাকায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহীবাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় বাসের ভেতরে থাকা ২৬ যাত্রী নিহত হন।
এরপরই ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়ার নির্দেশনা কার্যকরে কঠোর হয় কর্তৃপক্ষ।


