নয়াদিল্লির মালব্য নগরের হোটেল মিকাসা ইনে আগুনের ঘটনায় নিহত ২২ জনের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। নিহত ব্যক্তি হলেন মো. নুরুল আমিন (৪৪) । তিনি চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার বিকাল পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, আগুনে অন্তত দুইটি বাংলাদেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার জন্য দিল্লির ম্যাক্স হাসপাতালে যাওয়া পরিবার দুটি ওই হোটেলে অবস্থান করছিল।
বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, আহত ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বৃহস্পতিবার সকালে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশি নাগরিকদের দেখতে যান এবং তাদের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এছাড়া আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ হাইকমিশন।
ভারতের বাংলাদেশ হাইকমিশন আরও জানিয়েছে, নিহতের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গত ৩ জুন দিল্লির মালব্য নগরের ওই আবাসিক হোটেলে আগুন লাগে। পাঁচতলা ভবনটির বেজমেন্টে রেস্তোরাঁ থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ারসার্ভিস। আগুনের ঘটনায় অন্তত আট বাংলাদেশি আহত হয়েছেন।
বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্য দেশের নাগরিকেরাও আগুনে হতাহত হয়েছেন। তাদের মধ্যে ভারতীয় নয় নাগরিক নিহতের পাশাপাশি মোজাম্বিকের দুইজন, লাইবেরিয়ার একজন, নাইজেরিয়ার চারজন এবং উজবেকিস্তানের এক নাগরিক নিহত হয়েছেন। আগুনে এই পর্যন্ত মোট ২২ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আহতদের মধ্যে ভারতের তিন, নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের দুইজন করে, লাইবেরিয়ার তিনজন, নাইজেরিয়ার একজন এবং কাজাখস্তানের তিন নাগরিক রয়েছেন।


