জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার তদন্তভার ক্রাইম ইনভেস্টিগেশন ডিটেকটিভের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, আশুলিয়া থানায় হওয়া মামলাটির পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনা করবে সিআইডি।
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় ওই মামলা করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা রেঞ্জের ডিআইজি ও ঢাকা জেলার পুলিশ সুপারের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে মামলার সঙ্গে সংশ্লিষ্ট সব নথিপত্র দ্রুত সিআইডির কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ ওঠে এক বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।


