সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ‘দয়াল বাহিনী’ নামক ডাকাত দলের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। এ সময় তার কাছে থাকা দুটি একনলা বন্দুক ও নয় রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
এর আগে, সকালে সুন্দরবন শ্যামনগর উপজেলার হোগলডরা খাল সংলগ্ন এলাকা থেকে ওই ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ডাকাতের নাম তরিকুল (৩৫)। তিনি খুলনা জেলার কয়রা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন যাবৎ দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাকাত দলের সদস্যরা সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার হোগলডরা খাল সংলগ্ন এলাকায় ডাকাতির জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ডের আভিযানিক দল ডাকাতদের ধাওয়া করে অস্ত্র ও গুলিসহ তরিকুলকে আটক করে।
আটক ডাকাত, জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


