কমিটি গঠনের ছয় দিনের মাথায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামী হিন্দু শাখার নয় নেতাকর্মী পদত্যাগ করেছেন।
শনিবার রাতে কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি বাজারে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা।
পদত্যাগ করা নেতারা হলেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের হিন্দু শাখার সভাপতি বিপ্লব মল্লিক ওরফে ঝন্টু, সহসভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।
জামায়াতের হিন্দু শাখার নয় নেতাকর্মীদের পক্ষে বক্তব্য দেন বিপ্লব মল্লিক বলেন, শনিবার থেকে আমরা জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ নয়জন পারিবারিক ও সামাজিক কারণে জামায়াতের হিন্দু শাখার পদ ও সব কার্যক্রম থেকে পদত্যাগ করলাম।
এর আগে, পহেলা ডিসেম্বর কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ী পূর্বপাড় মৎস্য আড়তে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জামায়াতের হিন্দু শাখার ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কোটালীপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তারা পদত্যাগ করেছেন কিনা তা আমার জানা নেই।


