সরকার এক বছরের মধ্যে মামলাজট অর্ধেকে কমিয়ে আনতে চায় বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, দেশে বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে। বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ায় আগামী এক বছরের মধ্যে মামলার সংখ্যা কমিয়ে ২৫ লাখে আনার চেষ্টা করছে সরকার। এ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না।
মঙ্গলবার সচিবালয়ে ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘দেশের আদালতগুলোতে প্রায় ৪৫ লাখ বিচারাধীন মামলার বিশাল জট রয়েছে। যা সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথকে চরমভাবে সংকুচিত করে তুলেছে। বছরের পর বছর ধরে চলা এই দীর্ঘসূত্রতায় বিচারপ্রার্থীরা আর্থিকভাবে নিঃস্ব হচ্ছেন, পাশাপাশি আইন ও বিচার বিভাগের ওপর তারা আস্থা হারাচ্ছেন।’
মামলা প্রত্যাহার নিয়ে আইনমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না।
আইনমন্ত্রী আরও জানান, বাধ্যতামূলক মধ্যস্ততার এ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।


