রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান মালয়েশিয়ার মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ওসমান হাশিমের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আলোচনায় রোহিঙ্গা সংকটের ‘দ্রুত ও টেকসই’ সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হন এ দুই কর্মকর্তা।
বুধবার পুত্রাজায়ায় মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসিয়ান চেয়ারের মিয়ানমার বিষয়ক বিশেষ দূতের সঙ্গে এ আলোচনা হয়।
রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি অব্যাহত উদারতার জন্য বাংলাদেশকে গভীর কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত হাশিম।
এ সময় এ দুই উচ্চপদস্থ কর্মকর্তা মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ও রাখাইন রাজ্যে ক্রমাবনতিশীল মানবিক পরিস্থিতি ও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক আর্থিক সহায়তার ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
খলিলুর রহমান বিশেষ দূতকে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা ইস্যুতে অংশীজনদের সংলাপ সম্পর্কে অবহিত করেন।
এ ছাড়া তারা আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠেয় রোহিঙ্গা বিষয়ক জাতিসংঘ আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কেও আলোচনা করেন তারা।
তারা আশা প্রকাশ করেন, সম্মেলনটি সংকট সমাধান ও বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করবে।


