রমজান মাসের জন্য মেট্রোরেলের বিশেষ সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে যাত্রা শুরু করবে এবং রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। ব্যস্ত সময়ে সাড়ে ৬ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। তবে ভোর ও সন্ধ্যার দিকে এ ব্যবধান সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত হতে পারে।
অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরের ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে যাত্রা শুরু করবে এবং রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত চলবে। ব্যস্ত সময়ে সাড়ে ৬ মিনিট পরপর ট্রেন ছাড়লেও রাতের শেষদিকে এ ব্যবধান ১৫ মিনিট পর্যন্ত হতে পারে।
এ ছাড়া শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনের সাপ্তাহিক ছুটির সময়সূচি অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসন পরিচালক এ কে এম খায়রুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রমজানের প্রথম দিন ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে সংশোধিত নতুন এ সময়সূচি কার্যকর হবে এবং ঈদুল ফিতরের আগের রাত পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইফতারের বিষয়টি বিবেচনায় রেখে, যাত্রীদের স্বচ্ছ বোতলে সর্বোচ্চ আড়াইশ মিলিলিটার পানি বহনের অনুমতি দেওয়া হয়েছে। তবে ট্রেনের ভেতর, স্টেশনের কনকোর্স ও প্ল্যাটফর্মে কোনো ধরনের খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ অসাবধানতাবশত পানি এবং ব্যবহৃত বোতল যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএল।


