স্ত্রী-সন্তানসহ রূপালী ব্যাংক পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওবায়েদ উল্লাহ আল মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ।
আদেশে ওবায়েদ উল্লাহর স্ত্রী মর্জিনা বেগম ওরফে মুনমুন মাসুদ, তার ছেলে জুনায়েদ জুলকার নায়েন ভিয়ান ও জুলুন সাফওয়ান এবং মেয়ে তাসমিয়া তারাল্গুন নাওমীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এদিকে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অ্যালায়েন্ট এনার্জি সল্যুউশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী হাসান শরীফের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন একই আদালত।
এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. নাজমুল ইসলাম ওবায়েদ উল্লাহ আল-মাসুদ পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, ওবায়েদ উল্লাহ আল মাসুদ রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ব্যাংকের ঋণ অনুমোদন করিয়ে ঋণের অর্থ ব্যক্তিগত প্রয়োজনে, বিশেষ করে পুত্রের বিদেশি শিক্ষার খরচে ব্যবহার করেছেন। ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যাংক হিসাবসমূহে তৃতীয় পক্ষের কাছ থেকে নগদ অর্থ জমা, ক্লিয়ারিংয়ের মাধ্যমে অজানা উৎস থেকে অর্থ গ্রহণ এবং ব্যবসায়িক কার্যক্রমহীন প্রতিষ্ঠানসমূহে অর্থ স্থানান্তর করেন, যা অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের সাথে সম্পৃক্ত।
এতে আরও বলা হয়, যেহেতু তার দুই সন্তান দেশত্যাগ করেছেন, তাই তিনিসহ তার পরিবারের অন্যান্য সদস্যরাও দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা প্রয়োজন।
এদিন দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান অপর অভিযুক্ত হাসান শরীফের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্ত কাজী হাসানের বিরুদ্ধে অবৈধভাবে প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করার অভিযোগ তদন্তাধীন রয়েছে। অভিযুক্ত ব্যক্তি দেশ ছেড়ে বিদেশ পালাতে পারে বলে বিশ্বস্তসূত্রে জানা গেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা প্রয়োজন।


