কক্সবাজারের রামুতে এক টমটমচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাকে হত্যা করে তার টমটম (ইজিবাইক) ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম মোহাম্মদ বাবুল (৩৫)। তিনি রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী আদর্শগ্রাম এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দক্ষিণ মিঠাছড়ি এলাকার কৃষিজমিতে এক ব্যক্তির গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের কিছু দূরে একটি মোবাইল ফোন পাওয়া গেছে।
নিহতের স্বজনদের দাবি, বাবুলকে পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে হত্যা করা হয়েছে। বাবুলের আত্মীয় ইউনুস জানান, বিকেলে বাবুল তার অসুস্থ মাকে কক্সবাজার সদর হাসপাতালে পৌঁছে দিয়ে টমটম নিয়ে বাড়ির পথে রওনা হন। পথে যাত্রী সেজে কয়েকজন ব্যক্তি তার গাড়িতে ওঠে। পরে রাতে তার গলা কাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যেই বাবুলকে নির্জন স্থানে নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’


