চট্টগ্রামের সীতাকুণ্ডে সজিব (২৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, আগের রাতে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হয়ে থাকতে পারেন।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার একটি টমেটো খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, স্থানীয়ভাবে ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখানে একটি টমেটো খেতে সজিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
নিহত সজিব মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খোরমাওয়ালা গ্রামের শাহ আলমের ছেলে। তিনি মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিনের দারোয়ান হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী আমতলী এলাকায় ইউনিয়ন পরিষদে ভিজিএফের সরকারি চাল বিতরণের সময় যুবদল নেতা শাহাবুদ্দিন ও আলিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সন্ধ্যায় ইফতারের পর শাহাবুদ্দিনের সমর্থকরা আলিমের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় অন্তত আটজন আহত হন।
ওসি মহিনুল ইসলাম বলেন, আলিম ও শাহাবুদ্দিনের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। মঙ্গলবার রাতে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ধারণা করা হচ্ছে, ওই সংঘর্ষে আহত হয়ে সজিব পাশের একটি টমেটো খেতে পড়ে ছিলেন, যা কেউ খেয়াল করেনি। পরে বুধবার সকালে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


