হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তারা মারা গেছে। এ সময়ের মধ্যে আরও ১৬ জন শিশু হামের উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
মঙ্গলবার দুপুরে ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস। তিনি জানান, হামের উপসর্গ নিয়ে মোট ৯৮ জন শিশু ভর্তি আছে। গেল দুই দিনে মোট তিনজন শিশুর মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. সাহিদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, হামে আক্রান্ত বেশিরভাগ শিশুর বয়স ছয় মাসের নিচে। ছয় মাসের নিচে শিশু আক্রান্তের হার ৭০ শতাংশের কাছাকাছি। যা আমাদের জন্য উদ্বেগজনক। এক বছরের ওপরে আক্রান্ত হওয়ার সংখ্যা খুবই কম।
রাজশাহী সিভিল সার্জন ডা. এস আই এম রাজিউল করিম বলেন, ‘জেলায় ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ দেখা দিচ্ছে বেশি। মূলত যারা আক্রান্ত হচ্ছে তাদের বয়স ৬ থেকে ৯ মাস। কিন্তু হামের টিকা দেওয়া হয় ১০ থেকে ১৫ মাসে। ফলে যেসব শিশু আক্রান্ত হচ্ছে, তাদের বেশিরভাগই আনভ্যাকসিনেটেড বা টিকা না নেওয়া শিশু।’
রামেক হাসপাতালে এ বছর হামের উপসর্গ নিয়ে ৩২ জন শিশু মারা গেল। এর মধ্যে পরীক্ষায় মাত্র একজনের শরীরে হাম পজিটিভ পাওয়া গেছে। বাকি ২৯ জনের নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়নি, যদিও তারা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল।


