সংবিধান সংশোধনের জন্য জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের উপর জন গুরুত্বসম্পন্ন বিষয়ে বিধি ৬২ উপর আলোচনাকালে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্রী বলেন, ‘আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে সংশোধনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করি। সরকার দলীয় নেতার অনুমতিক্রমে আমি এই সংসদে প্রস্তাব রাখছি, সংসদের প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করা।’
তিনি বলেন, ‘কমিটিতে আমরা সবাই মিলে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই মহান জাতীয় সংসদে উত্থাপন করি। সেটা সমযোতার মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি।’ ‘আমরা সরকারি দল ও বিরোধী দল সবাইকে নিয়ে মহান জাতীয় সংসদে সমঝোতার ভিত্তিতে, আলাপ আলোচনার মধ্য দিয়ে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনতে চাই। কারণ, বাংলাদেশের মানুষের বিশাল জনপ্রত্যাশার প্রতি আমরা সকলেই দায়বদ্ধ,’ যোগ করেন তিনি।


