রাজবাড়ীতে চলন্ত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে সেলিনা মোজাম্মেল আক্তার ঝর্ণা (৬৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বার্তা ২৪-এর জেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী শহরের ব্যস্ততম পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিনা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে এক জরুরি কাজে মেয়ে ও জামাতাকে সঙ্গে নিয়ে বালিয়াকান্দি থেকে রাজবাড়ী কোর্টে এসেছিলেন তিনি। সেখানে মেয়ে ও জামাতাকে বসিয়ে রেখে সকালের নাস্তা করার উদ্দেশ্যে রিকশাযোগে রেলগেটসংলগ্ন সালমা হোটেলের দিকে যাচ্ছিলেন। কিন্তু পান্না চত্বর এলাকা পার হওয়ার সময় অসাবধানতাবশত তার গায়ের ওড়নাটি চলন্ত রিকশার চাকায় জড়িয়ে যায়। মুহূর্তেই ওড়নার টানে গলায় ফাঁস লেগে রিকশা থেকে পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বেলায়েত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছিল। রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় প্রচণ্ড চাপ লাগায় (ফাঁস লেগে) তার মৃত্যু হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সেলিনা মোজাম্মেল আক্তারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মা হারানোয় সাংবাদিক সোহেল মিয়া ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তার সহকর্মীরা।


