সাভারে ধর্মীয় গ্রন্থ কোরআন শরিফ ফেলে প্রতিবেশীকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় এক মাস পর মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী। এর আগে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি বিকালে বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা কোটাপাড়া বন্দে এলাকার মসজিদ-মাদ্রাসা রোডের আবির হাসানের বাড়িতে কোরআন ফেলে দেন প্রতিবেশী মুনসুর আহম্মদের স্ত্রী আমেনা মুনসুর (৫০) ও মেয়ে জান্নাত আক্তার (১৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মা-মেয়ের বিরুদ্ধে নিজ বাড়ির ছাদ থেকে পাশের বাড়িতে ধর্মীয় গ্রন্থ কোরআন শরিফ ফেলে প্রতিবেশী পরিবারকে ফাঁসানোর চেষ্টার ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ভুক্তভোগী আবির হাসান। পরে সাভার মডেল থানা পুলিশের তদন্তে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় মা ও মেয়েকে কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সাভার মডেল ওসি আরমান আলী বলেন, কোরআনের প্রতি বিদ্বেষ পোষণ ও অবমাননার অভিযোগে মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।


