রাজনীতিতে ধর্ম ব্যবহার করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের দেশে হিন্দু-বৌদ্ধসহ অন্যান্য ধর্মের মানুষেরা আছে। ধর্ম টেনে আনলে পক্ষপাতিত্ব হয়ে যাবে। রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক নয়।’
রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন। এ সময় দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
১৫ বছর মামলা আর পুলিশের তাড়ায় ছিলেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির এমন কেউ নেই যার বিরুদ্ধে মামলা হয়নি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। ঠাকুরগাঁওয়ে দিয়েছে সাড়ে সাত হাজার। অনেক কষ্ট হয়েছে। টাকা খরচ হয়েছে।’
হাসিনা পালানোর পর মামলা তুলে নেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা জানান, আওয়ামী লীগ যা করেছে তাদের দলের কেউ তা করবে না। জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির পার্থক্য হলো, বিএনপি পরীক্ষিত দল। আমাদেরকে আপনারা সবাই চেনেন’ বলেন তিনি।
এ ছাড়া বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। যে কার্ড দিয়ে ন্যায্যমূল্যে চাল-ডাল, আটা পাওয়া, হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়াসহ সন্তানদের শিক্ষায় ভূমিকা রাখতে পারবেন তারা। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে যা দিয়ে সার-বিষ ন্যায্যমূল্যে পাওয়া যাবে বলেও আশ্বস্ত করেন তিনি।


