আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর ‘সন্ত্রাসী হামলার’ ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে রাজধানীর আফতাবনগরের শেষ মাথায় একদল দুর্বৃত্ত তার ওপর আক্রমণ চালায়। ডিএমপির বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আফতাবনগরের শেষ মাথায় কে বা কারা হিরো আলমকে মারছে—এমন তথ্য আমরা পেয়েছি। তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানতে পেরেছি।’
ওসি আরও জানান, ঘটনাস্থল এবং মুগদা হাসপাতালে দুটি টিম পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত খবর নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েকটি মোটরসাইকেলে করে আসা হামলাকারীরা হিরো আলমকে মারধর করে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হিরো আলমকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া ও শয্যায় শুয়ে থাকার ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং টি-শার্ট ছিঁড়ে গেছে।
আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন মিলে তাকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা।
ডিএমপির মুগদা থানার ওসি মো. সাজেদুর রহমান বলেন, ‘পথচারীরা হিরো আলমকে উদ্ধার করে মুগদা হাসপাতালে ভর্তি করেছে বলে জানতে পেরেছি। তার শারীরিক অবস্থা কেমন, তা এখনো বিস্তারিত জানা যায়নি।’


