ফরিদপুরের আলফাডাঙ্গায় বিয়ের কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভুক্তভোগী তরুণী আলফাডাঙ্গা থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান। তিনিই মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন।
গ্রেপ্তাররা হলেন-লিটন মোল্যা (৩৩), সবুজ মোল্যা এবং তাদের সহযোগী আলী শরীফ (২০)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণীর (২৩) সঙ্গে লিটন মোল্যার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে বুধবার রাত ১০টার দিকে লিটন মোল্যা ও তার সহযোগী সবুজ মোল্যা মোটরসাইকেলে করে ওই তরুণীকে বাড়ি থেকে বের করে নিয়ে যান। পরে তাকে বানা ইউনিয়নের কটুরাকান্দি এলাকায় সবুজ মোল্যার বসতঘরে নেওয়া হয়। পরে তাকে জোরপূর্বক শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়। এতে তিনি রাজি না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করা করা হয়।
পুলিশ জানায়, ওইদিন রাত আনুমানিক ১০টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত আসামিরা তরুণীর ওপর বিভিন্নভাবে শারিরীক নির্যাতন চালান। অভিযুক্তরা তরুণীকে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যান। পরে তিনি শারীরিকভাবে কিছুটা সুস্থ হলে থানায় গিয়ে অভিযোগ করেন। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।


